ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ফিলিস্তিনিদের জন্য যার অনুভূতি নেই সে ‘মানুষই নয়’: মিশর কোচ

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে মিশর। শেষ ষোলোর বাধা পেরিয়ে এবার তাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষের দলে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের কৌশল বা প্রতিপক্ষকে নিয়ে নয়, বরং মানবতা ও ফিলিস্তিনের চলমান সংকট নিয়েই বেশি কথা বললেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। প্রতিবেদন আল-জাজিরার।


অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় হোসাম হাসানকে। সেই ঘটনার ব্যাখ্যা দিতেই আর্জেন্টিনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং একজন মানুষের মানবিক অবস্থান।


দলটির মাস্টারমাইন্ড হোসাম হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকেন, যিনি ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব করেন না, তাহলে তিনি মানুষ নন—তিনি আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোন না কেন। ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে নামার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, একজন মানুষের স্বাভাবিক বিবেক থেকেই তিনি এমনটি করেছেন।


মিশর কোচের ভাষায়, ‘বিশ্বের যেকোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও মানুষ প্রতিবাদ জানায়। অথচ এমন এক সময় এসেছে, যখন ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে হাজার হাজার মানুষের মৃত্যুর খবরও অনেকের কাছে যেন স্বাভাবিক হয়ে উঠেছে।’ এই বাস্তবতা তাকে গভীরভাবে ব্যথিত করে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ‘ধর্মের আগে আমি একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার একটাই বার্তা; ফিফা যেমন পারস্পরিক সম্মান ও ঐক্যের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারকেও সমানভাবে সম্মান করতে হবে।’


চলমান বিশ্বকাপে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড় ও সমর্থকদের সরব হতে দেখা গেছে। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন, যা বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ads
ads
ads

Our Facebook Page